নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রঙ্গরসিকতা (অখন্ড )


একবার রবীন্দ্রনাথ গুনগুন করে সুর বাঁধছিলেন , কথা বসাচ্ছিলেন এবং এমনিভাবে পায়চারী করতে করতে গান রচনা করছিলেন । গান শেষ হতেই ডাক পড়েছিল অমলা দাশের -"অমলা ও অমলা , শীগগির সে শিখে নাও , এক্ষুনি ভুলে যাব কিন্তু ।"

মৃনালিনী দেবী হেসে বললেন , "এমন মানুষ আর কখনো দেখেছ অমলা , নিজের দেওয়া সুর নিজে ভুলে যায় ।"

তত্্ক্ষণাত্ রবীন্দ্রনাথের সপ্রতিভ জবাব , "অসাধারণ মানুষদের সবই অসাধারণ হয় । ছোট বৌ চিনলে না তো ।"

*******************************************

সুধাকান্ত রায় চৌধুরী একবার নতুন চশমা পরে কবিগুরুকে দেখাতে এলেন । চশমার কাচটা একটু নিলাভ ছিল । তাই সুধাকান্ত বাবু বললেন , "সাদা কাঁচের চেয়ে রঙ্গিন কাঁচই নাকি আমার চোখের পক্ষে উপকারী " ।
সব শুনে গুরুদেব গম্ভীরভাবে বললেন -"যাক , এতদিনে নিশ্চিন্ত হওয়া গেল । স্বয়ং ভগবান তোমাকে যে জিনিস দিতে পারেননি , এখন দেখছি ডাক্তারই তোমাকে সেটা দিলেন । "

******************************************
শরত্ চন্দ্র চট্রোপাধ্যায় জুতা চুরির ভয়ে কবিগুরুর সাহিত্য সভায় আসার সময় তার জুতা জুড়া কাগজে মুড়ে কোলে রাখতেন । প্রায়ই এ ঘটনা ঘটত । একদিন জনৈক সাহিত্য সভার সদস্য কবিগুরুকে চুপেচুপে ব্যাপারটি বলে দিলেন ।

কবিগুরু তখন জিজ্ঞেস করলেন , "শরত্ , তোমার কোলে কি পাদুকা পুরাণ " ।

*******************************************
এক সভা শেষে ফিরবার পথে কবিগুরু চারুচন্দ্র বন্দোপাধ্যায়কে বললেন -"দেখলে চারু আমার প্রায়শ্চিত্য । আমি না হয় গোটা কয়েক গান কবিতা লিখে অপরাধ করেছি । তাই বলে আমাকে ধরে নিয়ে গিয়ে এরকম যন্ত্রণা দেয়া কি ভদ্রতা সম্মত । গান হল কিন্তু দুজনে প্রাণপন শক্তিতে পাল্লা দিতে লাগলেন যে , ক কত বেতালা বাজাতে পারেন আর বেসুরা গাইতে পারেন । গান যায় যদি এ পথে তো বাজনা চলে তার উলতো পথে । গায়ক বাদকের এমন স্বাতন্ত্র্য রক্ষার চেষ্টা আমি আর কস্মিনকালেও দেখিনি । তারপর ঐ একরত্তি মেয়ে , তাকে দিয়ে নাকি সুরে আমাকে শুনিয়ে না দিলেও আমার জানা ছিল যে , তঁবু মঁরিতে হঁবে । " উল্লেখ্য , গানের প্রথম লাইন ছিল 'তবু মরিতে হবে '।

******************************************
আলাপনি সমিতির 'শ্রেয়সী'র জন্য গল্প লিখছেন কবিগুরুর নাতবৌ কমলা । কবিগুরুর সে কি উত্্সাহ । কেমন গল্প? গল্পের মধ্যে ক'টা বিয়ে আছে ? নেই ? বিয়ে ভাঙ্গাও নেই ?

কমলাকে বললেন , 'তুমি কোনো কর্মের না , একটা বিয়ে দিতে পারলে না ?'

********************************************
একবার ভান্ডারে নামে একটি ছেলে এল শান্তি নিকেতনে । সে রবীন্দ্রনাথকে চেনে না । রবীন্দ্রনাথকে দেখেই তার কাছে ছুটে গেল এবং জোর করে তার হাতে কি যেন একটা গুজে দিল ।

একটু দুরে সৈয়দ মুজতবা আলী সমস্ত ব্যাপারটিই লক্ষ করলেন । কাছে আসতেই তিনি ভান্ডারেকে জিজ্ঞেস করলেন ' গুরুদেবকে কি দিলি ?'

ভান্ডারে বিস্ময়ের সঙ্গে উত্তর দিল -'গুরুদেব আবার কে ? তিনি তো একজন ফকির । আমি ওকে একটা আধুলি দিয়েছি । মা বলেছেন সাধু সন্যাসীদের দান করতে ।"

ভান্ডারে দানশীল কিন্তু শান্ত স্বভাবের নয় । সবাই অতিষ্ঠ এমনকি হেডমাষ্টার পর্যন্ত । এক সময় ব্যাপারটি রবীন্দ্রনাথের নজরে আনা হল তিনি তো ভাল করেই জানতেন ভান্ডারেকে । তাই তিনি কৌতুক মিশিয়ে বললেন , "ভান্ডারে তুই সবচেয়ে ভাল ছেলে । তোর এই কান্ড । তুই একবার আমাকে একটা আধুলি পর্যন্ত দিয়েছিলি । অন্য কোন ছাত্র আমাকে কোনদিন একটা পয়সা পর্যন্ত দেয় না । সেই তুই কিনা গোলমাল করিস ।"

******************************************

একবার কালিদাস নাগ সস্ত্রীক বেড়াতে এলেন । রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন করলেন :"শিশু নাগদের কোথায় রেখে এলে ।"

******************************************

কবিগুরুর প্রিয় চাকর বনমালি একদিন গল্প করে বলল , তাদের দেশে মনিবাবা নামে এক সাধু আছেন । তার নাম তিনবার নিলে সাপে কাটা মানুষও ভাল হয়ে যায় ।

কবিগুরু অনিল চন্দ্রকে ডেকে বললেন , "অনিল , একটা কেউটে সাপ এনে বনমালিকে কাটা , দেখা যাক মনিবাবুর মাহাত্ম্য । বনমালি বুঝল এটা রসিকতা । সেও হাসল ।"

******************************************
একদিন সন্ধেবেলা রবীন্দ্রনাথ 'হে মাধবী দ্বিধা কেন ' গানটি শেখাচ্ছিলেন । এমন সময় ভৃত্য বনমালি আইসক্রিমের প্লেট নিয়ে ইতস্তত করছিল -আসবে কি আসবে না ?

রবীন্দ্রনাথ বনমালিকে দেখেই আবার গেয়ে উঠলেন : ' হে মাধবী দ্বিধা কেন ?'

*****************************************
শান্তিনিকেতনে খুব মশা ছিল । তাই কবি হাতে পায়ে একবার তেল ব্যবহার করতেন । কখনও কোন আগন্তক উপস্থিত হলে মজা করে বলতেন "ভেব না যে আমি বুড়ো মানুষ , বাত হয়েছে বলে পায়ে তেল মালিষ করছি । এ মশার ভয়ে ।শান্তিনিকেতনের মশারা ভারি নম্র । তারা সারক্ষনই পদসেবা করে । "

******************************************

শান্তিনিকেতনেএকবার পরিচিত এক ভদ্রমহিলা কবির সাথে সাক্ষাত্ করতে এলেন । তাও দীর্ঘদিন পর । এসেই কবিকে জিজ্ঞেস করলেন -"আমাকে চিনতে পারছেন তো !"

কবি আগন্তক মহিলাকে চিনলেও তার স্বভাবসুলভ পরিহাসের সুরে বললেন-"আয়তনেই চিনেছি "।

********************************************
কবিগুরু কথা প্রসঙ্গে দিনবাবুকে (তার নাতি দিনেন্দ্রনাথ ঠাকুর ) একবার বলেছিলেন , বুঝলি দিনু, সেদিন অমুক লোকটা আমার কাছ থেকে দশ টাকা ধার নিয়ে গদ গদ কণ্ঠে বললেন -'আপনার কাছে আমি চিরঋণী হয়ে রইলুম '। দিনবাবু আত্্কে উঠে বলল-তুমি দিলে ওকে টাকাটা ? ও তো একটা জোচ্চোর !

তা' মানি , কিন্তু লোকটার শত দোষ থাকলেও একটা গুণ ওর ছিল -কবিগুরু শান্তস্বরে বললেন । লোকটা সত্যভাষী । কথা রেখেছিল -চিরঋণী হয়েই রইল !

******************************************

একবার কবিগুরু -গান্ধিজী প্রাতঃরাশ খাচ্ছেন । গান্ধী লুচি পছন্দ করতেন না । তাই তাকে অন্য খাবার দেয়া হল । কবিগুরু খাচ্ছেন গরম গরম লুচি । তা দেখে গান্ধীজী বললেন -"গুরুদেব , তুমি জানো না, তুমি বিষ খাচ্ছ ।"

উত্তরে রবীন্দ্রনাথ বললেন -"বিষই হবে । তবে এর কাজ খুব ধীরে । কারণ আমি গত ষাট বছর ধরে এই বিষ খাচ্ছি ।"

******************************************
সাহিত্যিক বলাইচাদ মুখোপাধ্যায়ের(বনফুল) ছোট ভাই প্রবেশিকা পরীক্ষা পাস করে বিশ্বভারতীতে পড়ার জন্য একদিন শান্তিনিকেতনে এলেন ।শান্তিনিকেতনে এসে তিনি জানলেন কবিগুরু কানে কম শুনেন (!) । কথা বলার সময় যেন একটু জোরে বলেন ।

কবিগুরুর সাথে সাক্ষাতের সময় তার বড় ভাই (বনফুল) এর দেয়া পরিচয়পত্র দেখালেন । কবিগুরু জিজ্ঞেস করলেন -"কি হে তুমি কি বলাই এর ভাই কানাই নাকি ?"

উত্তরে বলাই এর ভাই চেচিয়ে জবাব দিলেন , " না, আমি অরবিন্দ।"

কবি হেসে হেসে বললেন -"না, কানাই নয় , এ যে দেখছি একেবারে সানাই ।"

*******************************************কবিগুরু একবার বিধু শেখর শাস্ত্রীকে ডেকে বললেন ,"মশাই , আপনাকে আমি দন্ড দিব ।"

গুরুদেবের এহেন কথায় শাস্ত্রী মশাই তো একেবারে অপ্রস্তুত হয়ে গেলেন । এমন কি অন্যায় তিনি করেছেন যার জন্য তার দন্ডপ্রাপ্য ?

তখন কবিগুরু একখানি লাঠি তাকে দিয়ে বললেন-"এই নিন দন্ড , ফেলে গিয়েছিলেন ।"

*******************************************বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কবিগুরু সক্রিয় ছিলেন। ঐ সময়ে একদিন নাটোরের মহারাজার মেয়ের বিয়েতে নিমন্ত্রিত হয়েছিলেন কবিগুরু। বিয়ের দিন সন্ধ্যায় দ্বারদেশে দাড়িয়ে নিমন্ত্রিতদের অভ্যর্থনা করছেন মহারাজা । হন্তদন্ত হয়ে কবিগুরু এসে উপস্থিত হলেন । আসতে দেরি হয়ে গেছে । মহারাজা অনুযোগ করে বললেন-"কবি -আমার কন্যাদায় , কোথায় আপনি সকাল সকাল আসবেন , তা' না , এলেন দেরিতে ।"

অপ্রতিভ কবি উত্তরে বললেন -"রাজন , আমারও মাতৃদায় , দু'জায়গায় সভা করে আসতে হলো ।

*******************************************
মংপুতে মৈত্রেয়ী দেবী কবিগুরুকে বেশ কয়েকদিন ধরে নিরামিষ খাওয়াচ্ছিলেন । তো একদিন মৈত্রেয়ী দেবী কিছু খাবার নিয়ে এসে বললেন -"এটা একটু খাবেন ?রোজ রোজ আপনাকে কি নিরামিষ খাওয়াবো ভেবে পাইনা ।"
কবিগুরু বললেন -"ও পদার্থটা কি?"
মৈত্রেয়ী দেবীর উত্তর-ব্রেইন ।
তখন কবিগুরু বললেন-"এই দেখ কান্ড , এ তো প্রায় অপমানের শামিল । কি করে ধরে নিলে যে, ঐ পদার্থটার আমার প্রয়োজন আছে? আজকাল কি আর আমি ভাল লিখতে পারছিনে ?"
*******************************************

কবিগুরু এক সভায় হঠাত্ গম্ভীরভাবে বলে উঠলেন -"এই ঘরে একটা বাদর আছে ।"

সভাস্থ সকলে দারুন অস্বস্তিভরে যখন একে অন্যের দিকে তাকাচ্ছেন ,তখন গুরুদেব মৃদু হেসে বললেন ,"ডানদিকে যেমন একটি দোর আছে , বা দিকেরও সেরকম আরেকটি দোর আছে ।" সকলে নিঃশ্বাস ছেড়ে বাচলেন।

*******************************************একবার শান্তিনিকেতনে বৈশাখ মাসে বহু সাহিত্যিক জড়ো হয়েছিলেন । সকলকে নানারকম ফল ও মিষ্টান্ন পরিবেশন করা হয়েছিল। সুকুমার রায় একেবারেই ফল খাচ্ছেন না দেখে রবীন্দ্রনাথ ঈষৎ তরল কণ্ঠে জিজ্ঞেস করলেন -'সুকুমার তুমি কি গীতার অনুশাসন পুরোপুরি মেনে চলছ ?'

সুকুমার রায় প্রশ্ন শুনে অবাক হয়ে গেলেন । তখন রবীন্দ্রনাথ গীতা উদ্ধৃত করে বললেন ,'মা , ফলেষু , কদাচন ।'

গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, ফলের আশা না করে কর্ম করা উচিত ।

*******************************************সুধাকান্ত রায় চৌধুরীর সঙ্গে রবীন্দ্রনাথ একবার বেড়াচ্ছিলেন । হঠাত্ গুরুদেবের গুরুদেবের অস্ফুট কাতরোক্তি শুনে সুধাকান্ত বাবু তার দিকে তাকাতেই রবীন্দ্রনাথ নিজেকে সামলে নিয়ে শান্ত সুরে বললেন , 'পা কে চরন কমল বা পাদ পদ্ম কেন বলে জানো ? '

প্রশ্ন শুনে সুধাকান্ত বাবুর চোখে বিস্ময় দেখে রবীন্দ্রনাথ পায়ের মোজা খুলতে খুলতে বললেন , 'তাই যদি না হয় , তাহলে শরীরের এত জায়গা থাকতে মোজা ভেদ করে মৌমাছিটা পায়ের একেবারে তলায় হুলটা বিধাল কেন ?

*******************************************কবিগুরু নাকি বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে মেয়ের মা'কে পছন্দ করে এসেছিলেন । স্বয়ং কবির মুখেই শোনা যাক সেই কাহিনী :

"মেয়ের বাবা অনেক পয়সা কড়ির মালিক। বাসায় যাবার পর, দুটো অল্প বয়সী মেয়ে এসে উপস্থিত হলো । একটি মেয়ে নেহাত্ সাধাসিধে , জড়ভরতের মত এক কোনে বসে রইল এবং অন্যটি যেমন সুন্দরী তেমনি স্মার্ট । কোন জড়তা নেই । শুদ্ধ উচ্চারনে ইংরেজিতে কথা বলছে। ওর সঙ্গে কথা হল। আমাদের পিয়ানো বাজিয়ে শোনালো । আমি মুগ্ধ , বিস্মিত । মনে মনে ভাবছি , সত্যিই কি আমি ওকে পাবো । ভাবনায় ছেদ পরলো । বাড়ির কর্তা তখন ঘরে ঢুকলেন । ঘরে ঢুকেই তিনি মেয়েদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন । সুন্দরী, স্মার্ট মেয়েটিকে দেখিয়ে তিনি বললেন , হেয়ার ইজ মাই ওয়াইফ । আর জড়ভরতটিকে দেখিয়ে বওলেন, হেয়ার ইজ মাই ডটার ।

আমি তো শুনে থ হয়ে গেলাম । যা হোক, বিয়ে হলে মন্দ হতো না। সাত লাখ টাকা পাওয়া যেতো । বিশ্বভারতীর কাজে ব্যয় করতে পারতাম। তবে শুনেছি, মেয়েটি নাকি বিয়ের দু'বছর পরই বিধবা হয় । যাক, বাঁচা গেছে । কারণ স্ত্রী বিধবা হলে আমার প্রাণ রাখা শক্ত হতো ।

*******************************************
একবার মৈত্রেয়ী দেবী কবিগুরুকে জিজ্ঞেস
করলেন ,'আপনার বিয়ের গল্প বলুন ।'

কবি জবাব দিলেন ," আমার কোনো বিয়ের গল্প নেই । বৌঠানরা বিয়ের জন্য জোরাজোরি শুরু করলে আমি বললাম ,তোমাদের যা ইচ্ছা কর । আমার কোন মতামত নেই । তারপর বোঠানরাই যশোরে গিয়েছিলেন । আমি বলেছি ' আমি কোথাও যেতে পারবো না। আমার বিয়ে জোড়াসাকোতেই হবে । '

মৈত্রেয়ী দেবী বললেন ," কেন আপনি বিয়ে করতেও যান নি ?"

কেন যাবো? আমার একটা মান সম্মান আছে না ? -রবীন্দ্রনাথের সাফ জবাব ।

*******************************************একবার রবীন্দ্রনাথের সঙ্গে চীন ভ্রমনে গিয়েছিলেন শাস্ত্রী মশাই (ক্ষিতিমোহন সেন শাস্ত্রী )। সেটা আমের মরশুম । কবিগুরু আম ভালবাসেন যেনে চীন কর্তৃপক্ষ আম আনালেন বাংলাদেশ থেকে । তখন তো আর দ্রুত যাতায়াত ব্যবস্থা ছিল না । আম যেন না পচে তাই রাসায়নিক মিশানো হয়েছিল । কিন্তু আম যখন চীনে পৌছল তখন সেগুলি শুকিয়ে চুপসে গিয়ে রপান্তরিত হয়েছিল এক অদ্ভুত বস্তুতে । খাবার টেবিলে দেয়া হলো রবীন্দ্রনাথ , তার ভাগ পেলেন শাস্ত্রী মশাইও। চীনের লোক তো আর আম চেনে না , কবিকে তার প্রিয় খাদ্য দিতে পেরে ভারি খুশি । তাদের মনোরঞ্জনের জন্য এত কষ্ট করে আনা আম গলধঃকরণ করলেন দু'জনেই মুখ বুজে ।

কবিকে শাস্ত্রী মশাই জিজ্ঞেস করলেন -"কেমন আম খেলেন গুরুদেব ? "

মৃদু হেসে জবাব দিলেন কবি-"আম খেতে খেতে মনে হচ্ছিল এক রবীন্দ্রনাথ আর এক রবীন্দ্রনাথের দাড়িতে তেতুল গুড় মেখে চুষছে ।"

*****************************************

একবার শান্তিনিকেতনে ওজনের একটি মেশিন ক্রয় করা হয় এবং এতে ছেলেমেয়েদের একে একে ওজন নেয়া হচ্ছিল । রবীন্দ্রনাথ দাড়িয়ে দাড়িয়ে তা লক্ষ করছিলেন ।

এক একজনের ওজন শেষ হলেই কবি তাকে জিজ্ঞাসা করছিলেন -কিরে তুই কত হলি !

এর মধ্যে একটি স্থুলাঙ্গী মেয়ে বলল -দু'মন ।

এই মেয়েটির সে সময় বিয়ের আলাপ চলছিল এবং কবি তা জানতেন । তাই তিনি পরিহাস করে বললেন -"তুই এখনও দু'মন , এখনও এক মন হলি নে ?"

*******************************************

কবিগুরুকে এক ভদ্রলোক লেখেন -আপনি কি ভুতে বিশ্বাস করেন ?

কবি উত্তরে লিখলেন-বিশ্বাস করি বা না করি -তবে তাদের দৌরাত্ব মাঝে মাঝে টের পাই -সাহিত্যে , পলিটিক্সে সর্বত্রই একেক সময় তুমুল দাপাদাপি জুড়ে দেয় এরা । দেখেছি -দেখতে ঠিক মানুষের মত ।

দোহাই :

১। প্রভাতকুমার মুখোপাধ্যায় , রবীন্দ্র জীবন ও রবীন্দ্র সাহিত্য প্রবেশক
২। প্রমথনাথ বিশী , রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন
৩। মৈত্রেয়ী দেবী , মংপুতে রবীন্দ্রনাথ
৪। সত্য প্রসাদ সেনগুপ্ত , রবীন্দ্রনাথের গল্প
৫।মনোরমা, মে ১৯৯৪ , হিমানীষ গোস্বামীর ’রবীন্দ্রনাথের রস পত্রাবলী ’ দ্রষ্টব্য
৬। রথীন্দ্রকান্ত ঘটক চৌধুরী, রবীন্দ্র ত্রু মুলে
৭। নিতাই বসু , অনন্য রবীন্দ্রনাথ
৮। উজ্জলকুমার মজুমদার , ঠাকুরবাড়ীর চোখে রবীন্দ্রনাথ
৯। চিত্রাদেব , ঠাকুর বাড়ীর অন্দর মহল
১০। রানী চন্দ , আলাপচারী রবীন্দ্রনাথ
১১। নন্দ গোপাল সেনগুপ , কাছের মানুষ রবীন্দ্রনাথ
১২। সীতাদেবী , পুন্যষ্মৃতি
১৩। প্রতিমা ঠাকুর , নির্বাণ
১৪। শ্রী গোপাল চন্দ্র রায় , রবীন্দ্রনাথের হাস্য পরিহাস
১৫। তিতাস চৌধুরী ,রবীন্দ্রনাথের রঙ্গ ও হাস্যরস
১৬। নুরুজ্জামান মানিক , কবিগুরুর রসিকতা , দৈনিক জনকণ্ঠ , ৬ মে ২০০৫
১৭। নুরুজ্জামান মানিক , কবিগুরুর রসিকতা , দৈনিক জনকণ্ঠ , ৫ মে ২০০৬
১৮। অবসর ডট নেট


গড় রেটিং
( ভোট)
লিখেছেন নুরুজ্জামান মানিক (তারিখ: বুধ, ২০০৮-০৮-০৬ ১০:০৮)
উদ্ধৃতি | নুরুজ্জামান মানিক এর ব্লগ | ২৭টি মন্তব্য | ৩২০বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, নুরুজ্জামান মানিক. Sachalayatan.com can not be held responsible.

নজরুল ইসলাম এর ছবি
১ | নজরুল ইসলাম | বুধ, ২০০৮-০৮-০৬ ১১:৩৩

বাহ্... বেশ রসে বসে...
______________________________________
পথই আমার পথের আড়াল


নুরুজ্জামান মানিক এর ছবি
১.১ | নুরুজ্জামান মানিক | বুধ, ২০০৮-০৮-০৬ ১৫:২৪

রসে বসে সাকুরায় জরিনার সাথে !

নুরুজ্জামান মানিক
*******************************************
A life unexamined is not worthliving.-Socrates


মুশফিকা মুমু এর ছবি
২ | মুশফিকা মুমু | বুধ, ২০০৮-০৮-০৬ ১২:০৬

হাহাহাহাহাহা অনেক মজার, মশার পদসেবাটা বেশি হাসির দেঁতো হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍


নুরুজ্জামান মানিক এর ছবি
২.১ | নুরুজ্জামান মানিক | বুধ, ২০০৮-০৮-০৬ ১৫:২৭

বুঝলাম একালে মশারা মুমুর পদসেবায় ব্যস্ত !


মুশফিকা মুমু এর ছবি
২.১.১ | মুশফিকা মুমু | বুধ, ২০০৮-০৮-০৬ ১৯:৪৫

হাহাহা হুম দেশে আসলে মশাদের এই সেবাটা একটু আধটু পাওয়া যায় খাইছে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍


অমিত আহমেদ এর ছবি
৩ | অমিত আহমেদ | বুধ, ২০০৮-০৮-০৬ ১২:২৪

নুরুজ্জামান মানিক এর ছবি
৩.১ | নুরুজ্জামান মানিক | বুধ, ২০০৮-০৮-০৬ ১৫:২২

ধন্যবাদ @ অমিত
সামুতে আপনার আজকের গল্পটা পড়লাম ।

নুরুজ্জামান মানিক
*******************************************
A life unexamined is not worthliving.-Socrates


অনিন্দিতা এর ছবি
৪ | অনিন্দিতা (যাচাই করা হয়নি) | বুধ, ২০০৮-০৮-০৬ ১৩:৫৬

আগে কয়েকটা পড়া ছিল।
তবু ও আবার পড়লাম।
অনেক ভাল লাগল।


নুরুজ্জামান মানিক এর ছবি
৪.১ | নুরুজ্জামান মানিক | বুধ, ২০০৮-০৮-০৬ ১৫:২৮

নতুন পাঠ আর পুনঃপাঠের জন্য ধন্যবাদ @ অনিন্দিতা

নুরুজ্জামান মানিক
*******************************************
A life unexamined is not worthliving.-Socrates


১০

আলমগীর এর ছবি
৫ | আলমগীর | বুধ, ২০০৮-০৮-০৬ ১৫:০৬

শেষ করতে পারলাম না, বুকমার্ক করে রাখলাম। ধীরে ধীরে পড়ব।


১১

নুরুজ্জামান মানিক এর ছবি
৬ | নুরুজ্জামান মানিক | বুধ, ২০০৮-০৮-০৬ ১৫:২০

বড় হয়ে যাবে সেই ভয়েই আমার সংগ্রহের অনেক রবীন্দ্র রসিকতা এখানে দেইনি ।

নুরুজ্জামান মানিক
*******************************************
A life unexamined is not worthliving.-Socrates


১২

অনিন্দিতা এর ছবি
৭ | অনিন্দিতা (যাচাই করা হয়নি) | বুধ, ২০০৮-০৮-০৬ ১৫:৪৮

সিরিজ করে সবগুলো দিয়ে দিন প্লীজ।


১৩

মৃদুল আহমেদ এর ছবি
৮ | মৃদুল আহমেদ | বুধ, ২০০৮-০৮-০৬ ১৬:৩১

আপনার অখণ্ড লেখা দেখে ভাবলাম, সবগুলো একবারেই পাব, কিন্তু লম্বা হয়ে যাবার ভয়ে দিলেন না কেন? রবীন্দ্রনাথ আমার বড় প্রিয় মানুষ, সেই সুবাদে তাঁর এই গল্পগুলো আগেই বিভিন্ন বইয়ে পড়া। ড. সত্যপ্রসাদ সেনগুপ্তের বইটা তো অসাধারণ, আমার ছোটবেলার অনেক সময় কাটত সেই বইটা নিয়েই। ছেলেবেলায় রবীন্দ্রনাথ স্কুলে গিয়ে গান গাইতেন, কলোকি পুলোকি সিংগিল মেলালিং মেলালিং মেলালিং... পরে বড় হয়ে অনেক চিন্তা করে তিনি বের করেছেন, গানটা ছিল এরকম, ফুল অব গ্লি ফুল অব গ্লি, সিংগিং মেরিলি মেরিলি মেরিলি... সবুজ রঙের মলাটে রবীন্দ্রনাথের মুখের ছবি, প্রিয় সেই বইটা হারিয়েছি বছর দুই আগে। রবীন্দ্রনাথের ব্যক্তিত্ব নিয়ে অসাধারণ বই হচ্ছে মংপুতে রবীন্দ্রনাথ। একেবারে রবীন্দ্রনাথের গলা শোনা যায় ঐ বইটাতে। ভারী আশ্চর্য, তাই না? এরকম একটা লোক যে পৃথিবীতে ছিল, সেটা ভাবতেই ভারী অদ্ভুত লাগে! আপনার এই লেখাগুলোর সবচে ভালো দিক হচ্ছে, যারা রবীন্দ্রনাথ নিয়ে ততটা ঘাটাঘাটি করেন নি, তারা এই লেখাতেই রবীন্দ্রনাথের চরিত্রের অনেকটা আভাস পেয়ে যাবেন। ধন্যবাদ এরকম একটা লেখার জন্য।
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!


১৪

আবু রেজা এর ছবি
৯ | আবু রেজা [অতিথি] | বুধ, ২০০৮-০৮-০৬ ১৬:৩৪

এমন সরস জিনিস রয়ে সয়ে ছাড়ুন। একবারে সব ছেড়ে দিলে পড়ে তো হা-পিত্যেস করে মরব।


১৫

দেবোত্তম দাশ এর ছবি
১০ | দেবোত্তম দাশ | বুধ, ২০০৮-০৮-০৬ ১৯:৩৮

রসরাজ না হলে এতোবড়ো রসের ভাণ্ডার আমাদের কি করে দিয়ে গেলেন ? তার রসবোধ যে অসাধারন হবে তা তো স্বাভাবিক । ভালো লাগলো আপনার সংগ্রহ

------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি


১৬

সুলতানা পারভীন শিমুল এর ছবি
১১ | সুলতানা পারভীন শিমুল | বুধ, ২০০৮-০৮-০৬ ২০:৩৭

লোকটা আসলেই একটা জিনিয়াস !
খুবই মজা করে পড়লাম ।
দারুণ লাগলো, মানিক ভাই !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন


১৭

নুরুজ্জামান মানিক এর ছবি
১১.১ | নুরুজ্জামান মানিক | বিষ্যুদ, ২০০৮-০৮-০৭ ১৭:৩৯

ধন্যবাদ @ স পা শিমুল

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আরেক যারা
তারাই প্রচন্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে ( মুজিব মেহদী )


১৮

ক্যামেলিয়া আলম এর ছবি
১২ | ক্যামেলিয়া আলম | বুধ, ২০০৮-০৮-০৬ ২৩:৪৭

গল্পগুলো পড়া ছিল তবুও পড়লাম------ভালো লাগল এমন এক উদ্যোগ নিয়েছেন বলে।

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........


১৯

খেকশিয়াল এর ছবি
১৩ | খেকশিয়াল | বুধ, ২০০৮-০৮-০৬ ২৩:৫৫

উদ্ধৃতি
"আম খেতে খেতে মনে হচ্ছিল এক রবীন্দ্রনাথ আর এক রবীন্দ্রনাথের দাড়িতে তেতুল গুড় মেখে চুষছে ।"

এইটা মনে পড়লেও নিজে নিজেই হাসতে থাকি

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'


২০

মুজিব মেহদী এর ছবি
১৪ | মুজিব মেহদী | বিষ্যুদ, ২০০৮-০৮-০৭ ০০:০৯

জোস।
শরৎচন্দ্রের 'পাদুকা পুরাণ'জনিত বেদনাটা ছুঁয়ে গেল। ঠাকুর দেব জমিদার মানুষ, তিনি বুঝবেন কী করে যে, হারিয়ে গেলে সঙ্গে সঙ্গে আরেক জোড়া জুতো কিনতে সকলেই পারে না!
................................................................
জেতা মৎস্য গিলে বকে মনুষ্য খায় বাঘ-ভালুকে
রহস্য বোঝে না লোকে কেবল বলে জয়।
(দীন দ্বিজদাস)


২১

মৃদুল আহমেদ এর ছবি
১৪.১ | মৃদুল আহমেদ | বিষ্যুদ, ২০০৮-০৮-০৭ ১৩:০৮

রবীন্দ্রনাথ কি নিছকই জমিদার?
আমরা কি তাঁর সেই পরিচয়টাই জানি? অর্থশালী জমিদারবাবু বুঝবেন না, গরিবের জুতো হারালে কী কষ্ট, এটা কি রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে প্রযোজ্য?
আপনার কথাটা বা যুক্তিটা ঠিক বুঝলাম না!
একের পর এক ব্যবসায় ধরা খাওয়া, কন্যাদায়গ্রস্ত চিন্তিত পিতা, অর্থদায়গ্রস্ত বিব্রত শান্তিনিকেতনের জনক রবীন্দ্রনাথ একজন জীবনবিচ্ছিন্ন জমিদার হবেন কীভাবে? তার এতো এতো লেখা থেকে কি আমরা সেই ধারণাই পেয়েছি?
জমিদার যদি হন তাহলে জমিদার তো এই ভারতবর্ষে লাখো লাখো ছিল, তাদের ছবি কেন দেয়ালে টাঙ্গাই না আমরা? রবীন্দ্রনাথের থেকে অনেক অনেক পয়সাঅলা জমিদার ছিল এই বাংলাদেশে, তাদের একজনের গান কেন আমরা জাতীয় সঙ্গীত করলাম না? পহেলা বৈশাখে, ২৫শে বৈশাখে, ২২শে শ্রাবণে অথবা যেকোনো সময়ে, লেখায়, বক্তৃতায় প্রাক্তন এক জমিদারকে নিয়ে কেন এত মাতামাতি আমাদের?
বুঝলাম না!
আর এটা যে সময়কার ঘটনা, তখন শরৎচন্দ্র প্রতিষ্ঠিত লেখক, বাড়ি করেছেন সম্ভবত ভাগলপুরে!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!


২২

সবজান্তা এর ছবি
১৫ | সবজান্তা | বিষ্যুদ, ২০০৮-০৮-০৭ ০০:৪২

বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় প্রায় সবকটাই পড়েছি, কিন্তু এখানে এক সাথে সব কটা পড়ে বেজায় হাসি পেল।

আপনাকে উত্তম জাঝা! এত চমৎকার একটি লেখার জন্য।


অলমিতি বিস্তারেণ

২৩

নিরিবিলি এর ছবি
১৬ | নিরিবিলি [অতিথি] | বিষ্যুদ, ২০০৮-০৮-০৭ ০১:০৭

অনেক মজা পাইলাম।:)


২৪

জুলিয়ান সিদ্দিকী এর ছবি
১৭ | জুলিয়ান সিদ্দিকী | বিষ্যুদ, ২০০৮-০৮-০৭ ০৩:৪৩

প্রিয় পোস্টে রাখনের ব্যবস্থা নাই। পিডিএফও প্রিন্ট করতে পারলাম না। দয়া কইরা PDF ছাড়েন। এই ঠিকানায়।

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।


২৫

অম্লান অভি এর ছবি
১৮ | অম্লান অভি [অতিথি] | বিষ্যুদ, ২০০৮-০৮-০৭ ০৫:৫৪

কিছু জানাছিল আর কিছু জানা হলো। তবে হাসলাম,স্মরণে রবিরে স্মরি। ভালো, জানিয়ে দেয়ার প্রচেষ্টাকে ধন্যবাদ। সাধু।


২৬

তানবীরা এর ছবি
১৯ | তানবীরা | বিষ্যুদ, ২০০৮-০৮-০৭ ১৭:৩১

আমি কোথাও যেতে পারবো না। আমার বিয়ে জোড়াসাকোতেই হবে । '
মৈত্রেয়ী দেবী বললেন ," কেন আপনি বিয়ে করতেও যান নি ?"
কেন যাবো? আমার একটা মান সম্মান আছে না ? -রবীন্দ্রনাথের সাফ জবাব ।

এই টার মধ্যে হাসির কি? কি জানি? রসিকতার ও বোধ হয় জেনারেশন গ্যাপ আছে।

একটু দিলাম দোস্ত।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে