| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
গত সপ্তাহের পুরোটা সময় কেটেছে দুধের পেছনে। ঘরে দুইটা বাচ্চা। নিজের আর ভাইয়ের। আমাদের পারিবারিক সকল কর্মকান্ড এদের নিয়ন্ত্রনেই আছে। এই উড়ে আসা সরকারে সেনাপ্রধান যতটা গুরুত্বপূর্ণ তারচেয়ে কয়েকগুন বেশি এদের পারিবারিক অবস্থান। সেই দুই ভি ভি আই পি'র খাদ্য সংকট নিয়ে আমর ব্যস্ত, আতংকিত এবং অক্ষম ক্রোধে আক্রান্ত।
১৭/১৮ বছর আগেও আমাদের বাড়িতে গরু পালা হতো। আমরা দুই ভাই আক্ষরিক অর্থেই হাতের কব্জি ডুবিয়ে দুধ খেয়েছি। কিন্তু বাবা-মায়ের সেই পশু প্রীতি কেন যেন আমরা পাইনি। তাই পাশের বাড়িতে থাকতে থাকতে আমাদের শেষ গাভীটি দু তিন মাস আগে মারা গেছে। দুধের এই দুঃসময়ে বার বার এক 'কৃষকমন' আমার ভেতরে তড়পাচ্ছিলো।
আমার এই তড়পানি তুলিকে তেমন স্পর্শ করেনি। সে বার বার বলছিলো, আরে এতদিন যখন খাইছে, তাইলে আর কয়েকমাস খেলে কিছু্ই হবে না। কিন্তু সরকার বাহাদুর তাকে আটকে দিলো। বুধবারে মার্কেট থেকে দুধ উধাও। বাবাইকে যে ব্রান্ড দেয়া হয় সেটা সিলেটে যারা বাজারজাত করে তাদের একজনকে ধরলাম। সে বল্লো তাদের কাছে যা ছিল সব ফেরত দিয়ে দিয়েছে। লোকজন কিছুতেই বিশ্বাস করেনা আমি আর আগের মতো ছিদ্র খুজে বেড়াই না। সাংবাদিকতায় ইস্তফা দিয়েছি। তারা আসল কথা আমার কাছে আগের মতই চেপে যায়।
বিকালে বাসায় যাওয়ার পথে শুরু হলো দুধ খোঁজাখুঁজি। তুলি তখনও গুড়ো দুধ খুজেই যাচ্ছে। আমি তার পেছন পেছন হাটছি। একবার বল্লাম দেশী তরল দুধ নিয়ে নিতে, সে বিকট রিএক্ট করলো। এরচেয়ে নাকি মেলামাইনওয়ালাটা অনেক নিরাপদ!
একবার সে বাসায় ফোন করে জেনে নিলো, গরুর দুধ জোগাড় হয়েছে কীনা। আম্মা না করলেন। পরিচিত এক দোকানদার তখন একটা ফার্মের খবর দিলেন, সকাল-বিকাল একটা নির্দিষ্ট সময় ধরে গেলে সেখানে নাকি দুধ পাওয়া যায়। ছুটলাম দুজনে। ভাগ্য ভালো মিলে গেলো। সময়টাও মিললো আমাদের সাথে। সন্ধ্যায় বাড়ি যাবার পথে নিয়ে নেয়া যাবে।
আমার বাচ্চাদের দুধের সমস্যা মিটে গেলো বলা যায়। বাপের বানানো বাড়িটাকে কাজে লাগিয়ে হয়তো যে কোন দিন আমি নিজেই দুধ ওয়ালা বনে যেতে পারবো। কিন্তু অন্যদের?
আমাদের মহা ক্ষমতাধর বর্তমান সরকার দুই বছরে কত্তো বড়ো বড়ো বুলি আওড়ালো, এখন তারা কথা বলেনা কেনো? অনেক লোকেরইতো কোমর ভেঙেছে তারা, সংস্কারে সংস্কারে ভরে দিয়েছে দেশটা। এখন তাদের সেই জেহাদী ভাব নাই কেন? দুধের এই ভেজালে তারা বাজার থেকে সব দুধ তুলে নিলো, এতেই কি সব দায়িত্ব শেষ? বিকল্প ব্যবস্থার দায়িত্বটা তবে কে নেবে? এই অশ্লিল মানুষগলো কি একবারও সাধারণের কথা ভাবে না?
হরলিক্স এর একটা বিজ্ঞাপন ব্রিটিশরা বন্ধ করে দিয়েছে মিথ্যাচারের জন্য। সেখানে সাফাই গাইতে গিয়ে এরা আবার বলেছে, বিজ্ঞাপনটা নাকি বাংলাদেশের জন্য বানানো হয়েছে। এর মানে কি? কেউ বলতে পারে না। আমাদের ক্ষমতাধর সরকারের স্বাস্থ্য উপদেষ্টা বলেছেন, আইনের খামতি আছে বলে বিজ্ঞাপনগুলোর বিরুদ্ধে কিছু করা যাচ্ছে না। যারে শালা, এইও আমাদের শুনতে হলো। এই সরকার তবে আইন বুঝে ব্যবস্থা নেয়। আহমেদ নূর ভাইকে তবে বলতে হবে, তার পা ভাঙা হয়েছে আইন মেনে... তিনি যেন বেশি লাফালাফি না করেন।
প্রথম আলো সব ভালোর সাথে থাকার দাবী করে। সম্পাদক মতিউর রহমান কেমন বিছিয়ে বিছিয়ে, ইনিয়ে বিনিয়ে কথা বলেন। সেই মতিউর রহমান তার পত্রিকায় নিয়মিত মিথ্যাচারে ঠাসা হরলিক্স এর বিজ্ঞাপন ছাপান। আহা বড়ো বিচিত্র দুনিয়া। জাতীর বিবেকগুলো কেন যে যাত্রাপালার সেই বিবেকের মতো হয় না...
২
বুড়া পিতারাও আছে একি বেদনায়। আল্লা আল্লা করো মিয়া।
-----------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
৩
তাইলে এইবার চিন্তা করেন এই ইঁট কাঠের নগরে দেড় বছর বয়সী এক বাচ্চার বাপের দুক্ষ...
______________________________________
পথই আমার পথের আড়াল
৪
বুঝিরে ভাই, সবি বুঝি। কিন্তু কিছুই করতে পারি না।
----------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
৫
এসব লেখা পড়ে কেবল ব্যাথাই বাড়ে। কেবল মন খারাপ হয়। কিন্তু কিছু তো করতে পাড়িনা। ![]()
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
৬
ঘরে ঘরে ছাগু পালুন ।
৭
ব্লগে ব্লগে তো ছাগু কম নাই... ঘরে ঘরে পালতে হবে এখন?
তারচেয়ে তো মেলামাইন অমৃত...
______________________________________
পথই আমার পথের আড়াল
৮
আমি সিলেটে থাকার সময় প্রাণের পাস্টুরাইজড প্যাকেট কিনতাম। এখন কি পাওয়া যায় না? কিছুদিন একটা লোক দিয়ে যেত। তার বাড়ি ছিল অনুকুল ঠাকুরের আশ্রমের কাছে।
৯
এইসব কইয়েন না , লোকে ভাববে আপনি বোধহয় এখন দুনিয়ার বাইরে আছেন ।
পাস্তুরাইজ দুধ সম্পর্কে এই খবরটি আপনার জন্য ।
১১
সেইসব বাড়িতে এখন আর দুধ পাওয়া যায়না আলমগীর ভাই। আর আপনি কোথায় যাবেন প্রশ্ন করেন কেনো? যেইখানে গেছেন সেইখানে ঝিম মেরে পড়ে থাকেন।
-------------------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
১২
ছোট ছোট বাচ্চাদের বাবা-মায়েদের জন্য সমবেদনা। ![]()
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
১৩
কিন্তু বাবা-মায়ের সেই পশু প্রীতি কেন যেন আমরা পাইনি।
১৪
একটা আইডিয়া শেয়ার করি ।
দুধে মেলামাইন, সব্জীতে বিষ, মাছে ফর্মালিন । অথচ লাগে তো এইসব সবারই । কমিউনভিত্তিতে ছোট খামার করা যায়না? তিনচারটা পরিবার মিলে করলো । প্রথমে নিজেদের প্রয়োজ়ন মেটানো যায় কিনা দেখা হলো। সফল হলে পরে আরো বিস্তারিত...
অর্গানিক ফুডের চাহিদা দিন দিন বাড়বেই ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
১৫
করা যায়। চাইলেই... নজমুল ভাই চাইলেও হয়ত তার আশপাশের এলাকায় জায়গা নিয়ে তেমনটা করতে পারেন, আমরা যারা নতুন বাপ আছি, সবাই মিলে চাঁদা করে সেই জমির ভাড়া, খামারের খরচ চালাতে পারি... খুব অসম্ভব বোধহয় নয়!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
১৬
দোয়াকরি , তুই অদূর ভবিষ্যতে আইএমএফ এর উপদেষ্টা হ ! সব লক্ষন ফুটে উঠেছে । ![]()
শহরে বাথরুম করার জায়গা নেই , তার উপরে কমিউন খামার । ![]()
১৯
গরু পালনের সময় জায়গা নাই , বাংগালরা শুনি ইদানিং কুত্তা পোষা শুরু করছে । কুত্তার জন্য আবার পাকা ঘর ও লাগে ।
(নজমুল আলবাব'রে কিছু বলি নাই । আমার নানার বাড়িতে দুইটা জার্মান শেফার্ড নাকি গ্রে হাইন্ড আছে । ঐগুলারে তো আর কুত্তা বলন যায়না
)
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
২১
মেলামাইনের কাহিণী তো শুনছিই, পাস্তুরাইজড দুধের ঘটনা পড়ে আরও টাস্কি খেলাম।
২৫
উত্তরায় একটা দোকান আছে। হার্ভেস্ট নামে। যেখানে খাঁটি জিনিসপত্র পাওয়া যায়। চাউল ডাউল তেল এগুলা সার কীটনাশক ছাড়া পয়দা করে তারা। দিন দিন তাদের প্রোডাক্ট বাড়তেছে। মাছ মাংসও বেচে। শীতে নাকি শব্জিও বেচবো।
দাম একটু বেশি তবু আমি ওইখানে যা যা পাওয়া যায় সেগুলা ওখান থেকেই কিনি। যেগুলা পাওয়া যায় না সেগুলোই শুধু বিদেশী সুপার শপ থেকে কিনতে বাধ্য হই। কলেজ গেটে এইরম দোকান আছে ফরহাদ মাজহারের...
পাস্তুরাইজড দুধ তো শুনলাম... কিন্তু দেশে এখন নতুন এক বস্তু বাইর হইছে... তরল দুধ প্যাকেটে... কিন্তু সেইটা ফ্রিজে না রাখলেই নাকি অনেকদিন ভালো থাকে। কি জানি কয় এইটারে ভুলে গেছি।
কিন্তু আমার শুনেই কেমন জানি প্লাস্টিকের দুধ মনে হয়।
______________________________________
পথই আমার পথের আড়াল
২৭
সব জিনিস আদতে একি। বিস্রি অসুখে মরতে হবে এইটাই নিয়তি।
------------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
২৮
গ্রামে ফিরে যাও / পল্লী উন্নয়ন - এইটা একটা রচনার নাম।
সরকার মহাশয়েরা কয়েকদিন পর এই রচনা পড়ছেন কিনা তাই নিয়া আপনের 'ঈমান'' পরীক্ষা করবো!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
৩০
সচলের নতুন বাবাসকল লক্ষ করুন।
১. গরুর দুধ দিয়ে বানানো ফর্মুলা খেলে বাচ্চার ডায়াবেটিস হবার ঝুঁকি বেড়ে যায়।
২. খাবারের অভাব নেই এমন সংসারে শিশুদের খাদ্যজনিত এলার্জি রোগের ৩২% ই দুধ বা দুগ্ধজাত পন্য থেকে হয়।
৩. কথায় গরুর দুধকে আদর্শ খাবার বললেও আমাদের বাচ্চাকাচ্চা যেগুলো কিনা অন্যান্য খাবার কম ও নানা অখাদ্য (কোক, চকলেট, চিপস) বেশী খায়, তার জন্য মোটেও আদর্শ নয়। গরুর দুধের ল্যাক্টোজ ওই শিশুর পেটে হজম হল নাকি ওইটার কারনে অন্যান্য খাবার পিচকারির মত বেরিয়ে গেল, তা বুঝে উঠতে উঠতে বাচ্চা আর দুধ খেতে চাইবে না।
৪. ইদানিং আবার কেউ কেউ অটিজ্ম্ এর সাথেও দুধের আমিষ কেসিনের যোগাযোগ খুজে পেয়েছেন বলে দাবি করেছেন।
কি দরকার রে ভাই অবুঝ শিশুকে কষ্ট দেয়ার? ঈমাম ছাহেবদের কথা শুনে বিবির সাথে বোঝাপড়াটা এইবেলা করে নিন।
৩১
মরার উপ্রে আপনে আবার দেখি খাড়ার ঘা দেন ভাইজান!
কি দরকার রে ভাই অবুঝ শিশুকে কষ্ট দেয়ার? ঈমাম ছাহেবদের কথা শুনে বিবির সাথে বোঝাপড়াটা এইবেলা করে নিন।
ঈমাম ছাহেবদের কথা শুনে বিবির সাথে যে বোঝাপড়াটা এইবেলা করে নেবো, সেই বয়েস যে পার হয়ে গেছে, এখন?
------------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
৩৩
এর কোনোটাই কোনো সমস্যা নয়। এখন সবচেয়ে বড় সমস্যা হল সঠিক উচ্চারণ: দুধে যে বস্তুটি মিশিয়ে প্রোটিন-রিডিং বাড়ানো হচ্ছে, সেটার নাম নাকি মেলামাইন না, শুদ্ধ করে এটাকে 'মেলামিন' বলতে হবে। কাজেই ভাইসব, যা করেছেন করেছেন, এখন থেকে তওবা পড়ে 'মেলামিন' বলতে শুরু করুন।
.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...
৩৫
আহা...
কে কবে বলে গেলো - 'আর কখনো দুধ চা খাওয়া হবে না'।
সেটাই হলো শেষ পর্যন্ত।
বাচ্চারা চিৎকার করে বলবে - "আমাদের আর কখনো গুড়ো দুধ খাওয়া হবে না।"
___
অন টপিকে/
পোস্ট ভালো লাগছে।
৩৭
নজরুল ভাই কলেজ গেইটের কি টংগী কলেজ গেইট? ঠিকানাটা কি পুরা দেয়া যায়?
রবিন
৩৯
অপুরে
বাবাইয়ের কি খুব কষ্ট হচ্ছে?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
৪১
শরীফ মেলামাইনের প্লেটে ঢেলে খেলে যেকোনো কোম্পানীর দুধ এর পুষ্টি বেড়ে যাবে শতগুণ।তুমি বাবাই কে যাই খাওয়াও শরীফ মেলামাইনের প্লেটে খাওয়াতে ভূল করোনা।
পুনশ্চ :- দুধের সমস্যায় পড়লে আমার সাথে যোগাযোগ করো আবার।আমাদের বাসায় যে গোয়ালা দুধ দেয়,তার ওপরে ভরসা রাখা যায়।
-বহতা
১
ব্যাথাই বাড়ে শুধু। নবীনপিতা হিসেবে এইই মনে হয়।